সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠন ‘মঞ্চ ২৪’। সংগঠনটির অভিযোগ, সম্প্রতি তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

ফাহিম ফারুকী বলেন, “লতিফ সিদ্দিকী ও আনিস আলমগীরসহ আওয়ামী লীগের কুশীলবদের গ্রেফতার না করা হলে আমরা আন্দোলনের কর্মসূচিতে যাব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদবিরোধী জনতা আবারও রাজপথে নামবে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কোনো সংগঠন বা পৃষ্ঠপোষককে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ১/১১-এর ঘটনাবলির সঙ্গে জড়িত বলে অভিযোগ করা ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

ফাহিম ফারুকী ইসলামী ব্যাংক, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি প্রশাসনের আচরণে বৈষম্য দেখা যাচ্ছে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মঞ্চ ২৪। সংগঠনটির দাবি, দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীকও বক্তব্য দেন। তিনি বলেন, সীমান্ত হত্যা ও জাতীয় স্বার্থের বিষয়ে জনগণকে আরও সচেতন থাকতে হবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ভিন্নমত দমনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রাইমটিভি/কেআর