আদালতের বাইরে আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা আসামির প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন। মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান আবেদনটি উপস্থাপন করেন।
সাক্ষ্যগ্রহণ শুরুর আগে আদালতে দাখিল করা আবেদনে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির বিচারিক আদালতের বাইরে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে উচ্চ আদালতেরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পুলিশ হেফাজতে থাকা কিংবা দণ্ডিত আসামিদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। এ ধরনের প্রচার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণ্ন করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি করে।
আবেদনে বলা হয়, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমতকে প্রভাবমুক্ত রাখা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আসামিদের বক্তব্য প্রচারের বিষয়টি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান আছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








