চীনে শুরু হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

ছবি- সংগৃহীত
বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় জোরদারের লক্ষ্যে চীনের কুনমিং শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২ থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে অংশ নিতে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে চীনে পৌঁছেছে।
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশাসন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার পরিচালনা এবং আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথাও রয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণের আগে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ চীনা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রশাসনিক সহযোগিতা এবং সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, দুই দেশের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের মধ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নীতি নির্ধারণে অভিজ্ঞতা বিনিময় এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








