সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি বিষয়ে দক্ষতা বাড়াতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন

সংসদ সদস্যদের কার্যপ্রণালী দক্ষতা বাড়াতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম । সংগৃহীত
জাতীয় সংসদের সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ।
বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, এমপি, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যপ্রণালী বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব পালনে সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব কার্যপ্রণালী বিধির মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং তারা জনগণের প্রতি দায়বদ্ধ।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি।
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদকে সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি ও সুইজারল্যান্ডের ‘স্ট্রেনথেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (সিপস)’ কর্মসূচির অবদানের কথাও তুলে ধরা হয়।
দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম গ্রুপে বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








