আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি । সংগৃহীত
রাজধানীর আদ্দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আজ বুধবার জমা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে সচিবালয়ে পৌঁছেছেন এবং চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করছেন বলে জানা গেছে।
এদিকে একই ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতরের আরেকটি পৃথক তদন্ত কমিটিও কাজ করছে। অধিদফতরের এই কমিটি আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি নিজস্ব প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। পাশাপাশি ঘটনাটিকে ঘিরে তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে সক্রিয় রয়েছে রমনা থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রহস্যজনকভাবে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনায় এক শিশুর অভিভাবক বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত চলাকালে হাসপাতাল ভবনের ভেতরে একটি অবৈধ ইলেকট্রিক রুটি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বিস্ময় প্রকাশ করেন। পরে জানানো হয়, এই বেকারির অনুমোদন পরিবেশ অধিদফতর থেকে প্রদান করা হয়েছিল।
ঘটনাটি ঘিরে স্বাস্থ্যখাতে নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতাল ব্যবস্থাপনা এবং অনুমোদন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








