যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তাদের অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি ঠেকাতে ব্যর্থ হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এসব দেশের পণ্যে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশসহ ১৫টি দেশের জন্য ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হতে পারে।

এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি অনুযায়ী বাংলাদেশি রপ্তানি পণ্যে ১৯ শতাংশ পাল্টা শুল্ক রয়েছে। নতুন ১০ শতাংশ শুল্ক যোগ হলে মোট শুল্কহার হবে ২৯ শতাংশ।

ইউএসটিআর জানিয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংস্থাটি বলেছে, তালিকাভুক্ত দেশগুলো জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করতে বা নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ