দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। আজ বুধবার (৩ জুন, ২০২৬) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই বৈরী আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

এ কারণে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্কতার সাথে সাবধানে চলাচল করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/বিএম