রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্মসচিব এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী যুগ্মসচিব এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তার বক্তব্য গ্রহণসহ সংশ্লিষ্ট প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

গত ৩১ মে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মিরপুর ৬ এর সি ব্লকের ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পাওয়ায় একজন নার্সকে ডাকা হয়। পরে কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, যে কক্ষে তিনি বসবাস করতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো। কক্ষজুড়ে ছিল আবর্জনা। এমন পরিস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি প্রয়োজনীয় পরিচর্যা ও যত্ন থেকে বঞ্চিত ছিলেন।

নুরজাহান বেগমের বড় ছেলে বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষে কর্মরত সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্মসচিব। তার আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং মেয়ে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃদ্ধা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও অবহেলার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/এনজি