রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি সক্রিয় চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মোহাম্মদ নাঈম (২৩) এবং মোহাম্মদ মর্তুজা তামিম (২৬)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২ জুন সকাল আনুমানিক ১১টায় ভুক্তভোগী সাদমান সাকিব (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে আদাবর থানাধীন শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটা শোরুমের পাশের একটি গলিতে নিয়ে আটকে রাখে।

এ সময় তারা ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগী রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় জাহিদ হোসেনকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড, শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় পথচারীদের লক্ষ্য করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাইমটিভি/এনজি