চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থাকায় পুশ ইন করা সম্ভব হয়নি।

বুধবার (৪ জুন) রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২০৩/৬-আর পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে তা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা খবর পেয়ে সীমান্তে যান। তারা জানতে পারেন, ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারের কাছে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থান করতে দেখেন। বর্তমানে তারা সেখানেই আছে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ