শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬২

শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ । সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের অনুসারী দুই সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে ৪৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আরও অন্তত ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








