নতুন বাজেটে শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি, থাকছে বকেয়া ভাতার জন্য বিশেষ বরাদ্দ

ছবি- সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন অর্থবছরে শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন অর্থবছরে শিক্ষা খাতে মোট ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অর্থ বা অবসর ভাতা পাননি, তাদের জন্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। অবসর ভাতা প্রদানের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ পাওয়া গেছে।”
তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে বকেয়া সুবিধা পরিশোধ করা হবে।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, অতীতে শিক্ষক কল্যাণ ট্রাস্টের কয়েক হাজার কোটি টাকা অনিয়ম ও তছরুপের মাধ্যমে অপচয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও ইঙ্গিত দেন তিনি।
শিক্ষাখাতে রেকর্ড পরিমাণ বাজেট এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শিক্ষকদের অবসর ভাতা প্রদানের ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








