রাজনৈতিক হয়রানির অভিযোগে অয়নের মুক্তি চাইলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ

ছবিঃসংগৃহীত
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় BUBT-এর শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা অয়ন রহমান খান কারাবন্দী হয়েছেন দাবি করে তার অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অয়ন রহমান খানকে রাজনৈতিক কারণে মামলায় জড়ানো হয়েছে এবং একই মামলার অন্যরা জামিন পেলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। তারা দাবি করেন, এটি বাক্স্বাধীনতা ও রাজনৈতিক মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত।
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল করিম তানজিল বলেন, অতীতে আদালতের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের যে অভিযোগ দেখা গেছে, বর্তমানে অয়নের জামিন বিলম্বিত করার ক্ষেত্রেও একই ধরনের চাপ প্রয়োগের অভিযোগ উঠছে। তিনি বলেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ বলেন, কারও রাজনৈতিক অবস্থান বা বক্তব্য অপছন্দ হতে পারে, কিন্তু সে কারণে তাকে মামলায় জড়িয়ে কারাবন্দী রাখা গ্রহণযোগ্য নয়। তার দাবি, শুধু নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে অয়নকে হয়রানির শিকার হতে হচ্ছে।
ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী এম. জে. এইচ মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের টার্গেট করে হয়রানির অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। তিনি বলেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে শিক্ষার্থীদের বড় একটি অংশ এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম শাহরিয়ার বলেন, একই মামলায় অন্যরা জামিন পেলেও অয়নকে জামিন না দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করেন। তার ভাষায়, অয়ন আগে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না বলেন, পূর্বের স্বৈরাচারী সময়ের মতো আদালতকে ঘিরে চাপ সৃষ্টি করে জামিন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ তারা দেখতে পাচ্ছেন। গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদ বিন রনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর জুলুম-নির্যাতন হলে তার ফল ভালো হবে না।
গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ৫ আগস্টের পর শিক্ষার্থীরা আশা করেছিল দেশে গুম, খুন ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নেওয়ার অভিযোগ আবারও সামনে আসছে। তিনি অয়ন রহমান খানের অবিলম্বে মুক্তি দাবি করেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিক আল আরমান বলেন, অয়নের জামিন না হওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অয়ন রহমান খানের জামিন নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








