সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

ছবি- সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের সঙ্গে সংসদের সেতুবন্ধন হিসেবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দফতর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান পঞ্চায়েতসহ অন্যান্যরা। এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি। বিগত সময়ের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সংসদকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে, অন্যথায় জনগণ হতাশ হবে।
তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করে সংসদকে কার্যকর করতে হবে। বিরোধী দলের ভূমিকা সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা—এবং তারা সেই দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে এবং সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা। তিনি বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে।” পাশাপাশি সংসদ কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।
স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কাজ করতে হবে। অতীতের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের শক্তিই শেষ পর্যন্ত দেশের পরিবর্তন আনে।
বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে স্পিকার সেগুলো সমাধানের আশ্বাস দেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








