জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৫ জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৪ জুন) ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশন সময়ের আবেদন করলে আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার সপ্তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ১৫ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সকালে কারাগার থেকে আসামি জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় শুনানি শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আর গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন একই ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটির বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

প্রাইমটিভি/কেআর