রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডায় থাকেন।

গতকাল রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার তদন্ত পরিদর্শক মো. হানিফ।

তিনি জানান, পল্লবী থানার সেকশন ৬-এর ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি প্রায় অর্ধগলিত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক হানিফ জানান, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও দুই সন্তান অনেক দিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহের কারণে তিনি বাবার পৈত্রিক ফ্ল্যাটে থাকতেন। ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে ওই বাসার একটি ফ্ল্যাটে একা থাকতেন। তার আরেক বোন একই ভবনের চার তলায় থাকেন। গত ২৬ মে রাত ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের শেষবার কথা হয়। এরপর আর কারও সঙ্গে তার যোগাযোগ হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে আরেক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী এবং তিনি স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন। উচ্চ শিক্ষিত সন্তানদের মা এভাবে একা মারা যাওয়ায় সারা দেশে সমালোচনা হয়। সরকার ওই নারীর যুগ্মসচিব সন্তানকে চাকরি থেকে প্রত্যাহার করেছে।

প্রাইমটিভি/এমএইচ