দেশের ৩ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

বজ্রপাতের শঙ্কা । সংগৃহীত
দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার মধ্যে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে।
বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কৃষিজমি, জলাশয়, মাঠ, উঁচু স্থান কিংবা গাছের নিচে অবস্থান প্রাণহানির কারণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই এ সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বজ্রবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। এ কারণে আগাম সতর্কতা ও সচেতন থাকাই প্রাণহানি এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








