পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

বিএসইসি চেয়ারম্যান । সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাঁরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।
জানা গেছে, নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আজ দুপুরে সম্ভাব্য কয়েকজন প্রার্থী অর্থ মন্ত্রণালয়ে আসতে পারেন বলে জানা গেছে।
পদত্যাগের পর বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ একটি বার্তা প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ২১ মাস আগে অস্থির পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং এরপর বাজারের শৃঙ্খলা ও নিয়ন্ত্রক কাঠামো সংস্কারে কাজ শুরু করেন।
তিনি জানান, এই সময়ে বিএসইসি পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা ও করপোরেট পুনর্গঠন বিষয়ে তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমতের জন্য প্রকাশ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সংক্রান্ত দুটি আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিয়মনীতি প্রয়োগে অগ্রগতি হয়েছে। পাশাপাশি বাজার, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ইস্যুকারীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।
বিএসইসির এই পদত্যাগকে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








