রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে, কার্যকর ৭ জুন থেকে

মেট্রোরেল । সংগৃহীত
ঢাকা শহরের যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে উত্তরা ও মতিঝিল উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানো হচ্ছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সময় বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট ব্যবধানে ট্রেন পরিচালনা করা হবে। এ জন্য প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর জানিয়েছে, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে কর্মজীবী ও নিয়মিত যাত্রীরা আরও বেশি সময় মেট্রোরেল সেবা ব্যবহার করতে পারবেন।
নিয়মিত যাত্রীরা বলছেন, অফিস শেষে শেষ ট্রেন ধরতে প্রায়ই তাড়াহুড়া করতে হয়। নতুন সময়সূচি কার্যকর হলে যাতায়াতে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এ যাত্রী পরিবহন করা হচ্ছে। নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এই লাইনের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








