তীব্র গরমে ‘চিফ হিট অফিসার’কে কি মিস করছে নগরবাসী?

ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। দিনের পর দিন অসহনীয় গরমে অতিষ্ঠ নগরবাসী। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ পদ এবং সেই পদে দায়িত্ব পালন করা বুশরা আফরিন।

ফেসবুকে গত কয়েকদিন ধরে “চিফ হিট অফিসার কোথায়?”, “এত গরমে হিট অফিসারকে দরকার”, “হিট অফিসার কি ছুটিতে আছেন?”—এ ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট ও মিম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই রসিকতার ছলে প্রশ্ন তুলছেন, রাজধানীতে যখন মানুষ তীব্র গরমে হাঁসফাঁস করছে, তখন বহুল আলোচিত এই পদটির কার্যকারিতা কোথায়?

২০২৩ সালের মে মাসে এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ‘চিফ হিট অফিসার’ পদ চালু করা হয়। ওই পদে দায়িত্ব পান বুশরা আফরিন। তার দায়িত্ব ছিল নগরীর তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা, তাপপ্রবাহ সম্পর্কে জনসচেতনতা তৈরি, নগর পরিকল্পনায় তাপ-সহনশীল ব্যবস্থা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদে তাপমাত্রা কমানোর কৌশল নিয়ে কাজ করা।
তবে নিয়োগের শুরু থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক ছিল। সমালোচকদের একাংশের অভিযোগ ছিল, তৎকালীন মেয়র আতিকুল ইসলামের কন্যা হওয়ার কারণেই বুশরা আফরিন এই পদে সুযোগ পেয়েছেন। যদিও সংশ্লিষ্ট মহল তখন দাবি করেছিল, এটি আন্তর্জাতিক জলবায়ু সহনশীলতা কর্মসূচির অংশ হিসেবে দেওয়া একটি বিশেষ দায়িত্ব।
৫ই আগস্ট ২০২৪ রাজনৈতিক পটপরিবর্তনের পর বুশরা আফরিনকে জনপরিসরে খুব একটা দেখা যায়নি। ফলে চলমান তীব্র গরমের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ আরও বেড়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকাকে তাপপ্রবাহ সহনশীল করতে বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার । শহরে গাছপালা বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, ছায়াযুক্ত জনপরিসর তৈরি, তাপ সতর্কতা ব্যবস্থা জোরদার এবং পরিকল্পিত নগরায়ণের মতো বিষয়গুলোই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক প্রবণতা বলছে, রাজধানীর মানুষ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এখন ‘চিফ হিট অফিসার’ পদটিকেই ব্যঙ্গ-রসিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কেউ সত্যিই ওই কর্মকর্তাকে মিস করছেন, নাকি এটি কেবল রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ—সেটি নিয়ে চলছে তুমুল আলোচনা।
প্রাইমটিভি/কেআর

খালিদ রবিন
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








