৩৮ বছর পর ঘরে ফিরেও স্ত্রীর মন জয় করতে পারলেন না স্বামী

জবেদ আলি ও তার স্ত্রী । প্রাইম টিভি
মেহেরপুরের গাংনী উপজেলায় ৩৮ বছর পর বাড়ি ফিরেছেন নিখোঁজ স্বামী জবেদ আলি। তবে দীর্ঘদিনের অভিমান এখনো ভাঙেনি তার স্ত্রী রুশিয়া খাতুনের।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে পারিবারিক মনোমালিন্যের জেরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে রেখে বাড়ি ছাড়েন জবেদ আলি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে মৃত বলেই ধরে নিয়েছিলেন।
সম্প্রতি হঠাৎ নিজ বাড়িতে ফিরে আসেন জবেদ আলি। তাকে ফিরে পেয়ে পরিবারের অন্য সদস্যরা আনন্দিত হলেও স্ত্রী রুশিয়া খাতুন তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। এমনকি তাকে নিজের ঘরে আশ্রয় দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বর্তমানে জবেদ আলি ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন।
রুশিয়া খাতুনের অভিযোগ, দ্বিতীয় বিয়ে করে তিনি পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর একমাত্র সন্তানকে নিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে তাকে। মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে বড় করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে জবেদ আলি স্বীকার করেছেন, মানিকগঞ্জে তিনি আরেকটি সংসার গড়েছিলেন। সেখানে তার একটি মেয়েও রয়েছে। তবে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এদিকে পরিবারের সদস্যরা আশা করছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান দূর হবে এবং পরিবারটি আবার একত্রিত হতে পারবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








