আবারও দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে

ছবি- সংগৃহীত বায়ুদূষণ
নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে, যার ধারাবাহিকতায় মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশি থাকছে। কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করার পর আজ শুক্রবার (৫ জুন, ২০২৬) ঢাকার বায়ুমানের কিছুটা অবনতি হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। আজ শহরটির বায়ুমানের স্কোর ১১৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। গতকাল বৃহস্পতিবার একই সময় ঢাকার স্কোর ছিল ৯৪।
আইকিউএয়ারের তালিকায় আজ ১৭৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনসাসা। এই দুটি শহরেরই বায়ুমান সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ১৪৭ স্কোর নিয়ে চীনের চেংডু তৃতীয় এবং ১১৯ স্কোর নিয়ে দেশটির হাংজু শহর সপ্তম অবস্থানে রয়েছে, যার দুটিই সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে দশম অবস্থানে থাকা চীনের চংকিং (স্কোর ৯২) এবং ১৬তম অবস্থানে থাকা উহানের বাতাসের মান আজ মোটামুটি ভালো রয়েছে।
এদিকে, পাকিস্তানের লাহোর ১৩১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে ১২তম অবস্থানে থাকা করাচির বাতাসে আজ দূষণের মাত্রা অনেকটাই কম, যার স্কোর রেকর্ড হয়েছে ৮৬। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১০০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চিলির শান্তিয়াগো এবং ৯৩ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর।
একিউআই (AQI) মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫০ থেকে ১০০ থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং এই সময়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








