ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পরও সেটি আবার উঠে দাঁড়ায়। এমনকি গাছের গোড়া কাটার পরও এটি স্থিরভাবে দাঁড়িয়ে ছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের এই গাছটি দেখতে শত শত মানুষ ভিড় করছেন। অনেকে গাছের শেকড়-বাকল নিতে এবং মানত করতে দূর-দূরান্ত থেকে আসছেন।

জানা গেছে, ডালপালাহীন গাছটির একটি অংশ এখনো দাঁড়িয়ে আছে, যদিও নিচের অংশ কাটা। গাছটিতে লাল কাপড় বাঁধা হয়েছে এবং চারপাশে নিশানা টানানো হয়েছে। স্থানীয়রা বলছেন, ঘটনাটি অলৌকিক এবং সৃষ্টিকর্তার ইশারায় হয়েছে। তারা গাছটিকে দেখাশোনা করছেন।

ওই বাড়ির সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদের জানান, তিনি গাছটি পড়তেও এবং আবার উঠতেও দেখেছেন। দেড় মাস আগে এক ঝড়ে গাছটি পড়ে যায়। পরে গাছটি কেটে টুকরো করার পর হঠাৎ সেটি উঠে দাঁড়ায়। তিনি তা দেখেই চিৎকার করেন এবং এরপর বাড়ির অন্য সদস্য ও আশপাশের লোকজন ঘটনাটি দেখতে আসেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী গণমাধ্যমকে বলেন, এটি তার এক ভাতিজার গাছ। ঝড়ে পড়ে যাওয়ার পর গাছটি বিক্রি করা হয়। গাছ কাটার পরও এটি আবার দাঁড়িয়ে যায়। তিনি বলেন, এটা আল্লাহর কুদরত।

গাছের মালিক মাহবুব মুন্সী গণমাধ্যমকে বলেন, কীভাবে এসব ঘটল তা আল্লাহই ভালো জানেন। এখন প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসছেন, মানত করছেন এবং আগরবাতি-মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকে শিকড় নিয়ে যাচ্ছেন, তাদের বিশ্বাস এতে রোগবালাই ভালো হবে।

কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, গাছটি ঝড়ে মাটিতে পড়ে যায় এবং শেকড়সহ উলটে যায়। ডালপালা কাটার পর আবার দাঁড়িয়ে যায়। তিনি মনে করেন, গোড়া থেকে কয়েক ইঞ্চি কেটে দিলে গাছটি আবার পড়ে যাবে। তার মতে, এখানে কোনো জিন-ভূতের ব্যাপার নেই। তবে রহস্যময় ঘটনাটি দেখার জন্য মানুষ ভিড় করছে।

প্রাইমটিভি/এমএইচ