পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠক

ছবি- সংগৃহীত
ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়া উভয় দেশের ঊর্ধ্বতন কূটনীতিক ও কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকলেও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফরের তৃতীয় দিনে, শনিবার (৬ জুন), তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
এছাড়া সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে অবস্থানরত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি সফর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








