নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়: খায়রুল কবির

ছবি- সংগৃহীত
নরসিংদীর চরাঞ্চলে সংঘটিত সংঘাত-সংঘর্ষগুলো রাজনৈতিক কারণে নয়; বরং স্থানীয় আধিপত্য বিস্তার, সামাজিক বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরেই এসব ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শুক্রবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, চরাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। মানুষ ধীরে ধীরে সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত তথ্য পাচ্ছেন। ফলে কোনো সংঘর্ষ বা অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।”
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।”
অবৈধ অস্ত্রের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “যার কাছেই অস্ত্র পাওয়া যাবে, দলীয় পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেওয়া হয়।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








