জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন ‘মঞ্চ ২৪’। শনিবার (৬ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আত্মত্যাগীদের রক্তের বিনিময়ে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, রাষ্ট্র ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান করলেও আবু সাঈদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, “আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি না দেওয়া জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে তাকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ বীরত্বসূচক এই উপাধিতে ভূষিত করা উচিত।”

সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিষয়েও বক্তব্য দেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈধ ও অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, দেশে এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য ও তাদের সহযোগীরা সক্রিয় রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল এবং দ্রুত বিচার নিশ্চিত করা উচিত।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।

প্রাইমটিভি/কেআর