ঘুষ নেয়ার দায়ে দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিলেন প্রতিমন্ত্রী নুর

ছবিঃসংগৃহীত
মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঋণ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এক পিয়নকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের আর্থিক অনুদানের প্রক্রিয়া সম্পন্ন করার বিনিময়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওই দুই কর্মচারী ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম এক ভুক্তভোগীকে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে অনৈতিকভাবে অর্থ নেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে একজন সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কর্মচারীদের এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই নিজ নিজ বিধি অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা নিশ্চিত করতে দেশে ও বিদেশে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।”
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








