নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ছবিঃসংগৃহীত
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টানা ১৯ ঘণ্টা চেষ্টা করার পর শুক্রবার (৫ জুন) রাতে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকায় ভারতের পান্নাছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু ছিল। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়।
সীমান্তে কড়া নজরদারি ও টহল বাড়ানো হলে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘ সময় সতর্ক অবস্থানে থাকার কারণে ওই ব্যক্তিরা শূন্যরেখা বা জিরো লাইনে অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকেও তিনি দেখেছেন বিজিবি সদস্যরা সেখানে পাহারায় ছিলেন। গভীর রাতে বিএসএফ সদস্যরা কাঁটা তারের পাশের লাইট বন্ধ করে দেয়। এরপর ১৭ জনকে টেনে-হিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যায়। এ সময় নারী, পুরুষ ও শিশুরা কান্নাকাটি করছিল। মাহবুব আলম বলেন, বিজিবির ভূমিকা সত্যিই প্রশংসার যোগ্য।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








