যশোর শহরের প্রাণকেন্দ্র অফদা রোডে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

৬৬ জেলার মধ্যে অন্যতম আধুনিক শহর হিসেবে পরিচিত যশোরে এম এম কলেজ এবং শহরের বৃহত্তম কারবালা কবরস্থানে যাওয়ার প্রধান সড়ক এটি। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন।

বিশেষ করে কারবালা কবরস্থানে শেষকৃত্যে অংশ নিতে যাওয়া মানুষের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ পথ হওয়ায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে ড্রেনেজ লাইন থাকলেও নিয়মিত পরিষ্কার না করার ফলে ময়লা, পলিথিন ও ইট পাটকেলের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে দীর্ঘ সময় ধরে।

এলাকাবাসী জানান, বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ থাকলেও তাদের কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিষ্কার করার ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।

প্রাইমটিভি/এনজি