তুরস্কের ঐতিহাসিক অটোমান স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন সেলিমিয়ে মসজিদ দীর্ঘ চার বছর সংস্কার কাজ শেষে আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদটি নির্মিত হয় ১৫৬৮ থেকে ১৫৭৫ সালের মধ্যে। এটি নির্মাণ করেন অটোমান সাম্রাজ্যের কিংবদন্তি স্থপতি মিমার সিনান। মসজিদটির গম্বুজ, মিনার, পাথরের কারুকাজ, ক্যালিগ্রাফি এবং পুরো প্রাঙ্গণ ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে, তবে এর মূল ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা হয়েছে।

২০২১ সালের শেষ দিকে শুরু হওয়া এই সংস্কার প্রকল্পটি তুরস্কের জেনারেল ডিরেক্টরেট অব ফাউন্ডেশনসের তত্ত্বাবধানে চার বছর ধরে চলেছে। এতে শত শত বিশেষজ্ঞ অংশ নেন।

মসজিদটির পুনরায় উদ্বোধন করা হয় শুক্রবার জুমার নামাজের পর। অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংস্কার কাজ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বলকান যুদ্ধের সময় বুলগেরীয় বাহিনীর গোলার একটি দাগ মসজিদে যেমন ছিল, তেমনই রেখে দেওয়া হয়েছে—যা ইতিহাসের সাক্ষ্য বহন করে।

প্রায় ৪৫০ মিলিয়ন তুর্কি লিরা ব্যয়ে সম্পন্ন এই সংস্কার প্রকল্পকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই স্থাপনা আরও শত শত বছর টিকে থাকবে।

একই অনুষ্ঠানে তিনি আরও জানান, দীর্ঘদিন অবহেলিত থাকা ঐতিহাসিক এদিরনে প্রাসাদের পুনর্নির্মাণ কাজও শুরু হয়েছে, যা ভবিষ্যতে একটি বড় পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, সেলিমিয়ে মসজিদকে স্থপতি মিমার সিনান তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে আখ্যায়িত করেছিলেন। অটোমান স্থাপত্য ও প্রকৌশলের অনন্য এই নিদর্শন আজ আবারও ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পেয়েছে।

প্রাইমটিভি/কেআর