জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডা. জাহেদ উর রহমান

ছবি- সংগৃহীত
জ্বালানি ও বিদ্যুতের মূল্য সমন্বয় নিয়ে সরকারেরবিরোধী পক্ষ জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক, যারা স্বল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কোনো মূল্যবৃদ্ধি করা হয়নি। একইভাবে ডিজেলের দামও বাড়ানো হয়নি বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমানোর লক্ষ্যেই মূল্য সমন্বয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মূল্যবৃদ্ধির পরও আগামী জাতীয় বাজেটে জ্বালানি খাতে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের পেছনে বিগত সরকারের দুর্নীতি ও অনিয়ম দায়ী।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে এ খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার প্রভাব এখনো দেশের জ্বালানি ব্যবস্থাপনায় বিদ্যমান। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








