সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল । সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজারে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ তাদের প্রবেশে নিরুৎসাহিত করার চেষ্টা করে।
এ সময় হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের এক পর্যায়ে একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, ঘটনার দিনই তারা গণমাধ্যমে দুঃখ প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি দেয়। পাশাপাশি তদন্তের মাধ্যমে দুই কর্মীকে দায়ী হিসেবে চিহ্নিত করে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মীদের সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদ্-দ্বীন সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেই অবস্থানেরই প্রতিফলন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








