রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিন যুবক দগ্ধ হন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিস্ফোরণে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা এখনো হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে আজ রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন।

তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে বলে জানা গেছে।

প্রাইমটিভি/এমএইচ