পটুয়াখালীতে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন, ২০২৬) দুপুর ৩টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নে মোহন ও বীথি আক্তারের বিয়ের অনুষ্ঠানে ঘটে এ ঘটনা।

আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন।

স্থানীয়রা জানান, অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন কনের চাচা রাসেল মোল্লার কাছে আরও একটি মুরগির রোস্ট চান। এ সময় মাংসের পরিবর্তে রোস্ট আনা নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকনের অভিযোগ, আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলম প্যাদা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাইমটিভি/বিএম