ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে এবং এর ফলে দেশের অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল কলোনি বাজারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ওপর লুটপাট ও অর্থনৈতিক সংকটের কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তবে বর্তমান সরকার এখনো সুশাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার শেষ পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সাইফুল আলম খান মিলন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানান।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে এবং বিভিন্ন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের অনেক এটিএম বুথে পর্যাপ্ত অর্থ না থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

অনুষ্ঠানে থানা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও মতামত তুলে ধরেন।

সরকার সহযোগিতা করুক বা না করুক, জনগণের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রাইমটিভি/এনজি