পিরোজপুরে নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আব্দুল গনি শিকদার (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আব্দুল গনি শিকদার সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই কিশোরী বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে গিয়েছিল। সেখান থেকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে যায় এবং ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশের একটি দল গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন।

ভুক্তভোগীর মা জানান, বাসার কাছেই বলেশ্বর নদী। মেয়ে সেখানে ফুল কুড়াতে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই ওঁত পেতে ছিল এবং তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে গেলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকেও আটক করে থানায় আনা হয়। পরে ভুক্তভোগীর মা ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাইমটিভি/ এমএইচ