সাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার, সন্দেহে ৪ জন আটক

ছবি- সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় একটি সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়িতে একটি পুরোনো সীমানা পিলার রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শুক্রবার রাতে বিশেষজ্ঞরা বিষয়টি যাচাইয়ের জন্য ঘটনাস্থলে যান। এরপর তালা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন—কলাগাছি গ্রামের ভোলানাথ মণ্ডল (৫৭), খুলনার পাইকগাছা উপজেলার তুষার কান্তি সরদার (৩৫) এবং বটিয়াঘাটা উপজেলার যাদব সরকার (৪২)সহ মোট চারজন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সীমানা পিলার বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা পিলারটির গায়ে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রয়েছে। এটি আসল ঐতিহাসিক নিদর্শন নাকি নকল—তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পিলারটির প্রকৃত উৎস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








