মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

শিশুর মৃত্যু । প্রাইম টিভি
পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। রবিবার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। অপর নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নান্নু খান জানান, আলিফকে নিয়ে তার মা পাকশীতে ঘুরতে গিয়েছিলেন। রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন। পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সামান্য কাত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে সড়কে পড়ে যায়।
শিশুটিকে বাঁচাতে মা অটোরিকশা থেকে নেমে পড়েন। এ সময় চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। একই সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ও শিশুটি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করে। ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রাইমটিভি /এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








