রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা

ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর দেওয়া সময়সীমার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি।”
তিনি বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ও আমার পরিবারের দুর্দিনে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
রামিসার বাবা আরও বলেন, “আমার মেয়ের হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটি দ্রুত কার্যকর হতে দেখতে চাই। যত দ্রুত সম্ভব রায় কার্যকর করা হোক।”
আদালতের এ রায়ের মাধ্যমে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলেও ভুক্তভোগী পরিবার এখন রায়ের দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








