চীনের আমন্ত্রণে আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন রাবি শিক্ষার্থী

রাবি শিক্ষার্থী রাফায়েতুল আহম্মেদ । সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল আহম্মেদ রাবিত আন্তর্জাতিক যুব কূটনীতি বিষয়ক কর্মসূচি ‘চায়না-সাউথ এশিয়া ইয়াং এনভয়েজ প্রোগ্রাম ২০২৬’-এ অংশ নিতে ১২ দিনের চীন সফরে যাচ্ছেন।
চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুবনেতারা অংশ নেবেন। কর্মসূচিতে যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রাফায়েতুল আহম্মেদ রাবিত বলেন, আন্তর্জাতিক এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের। তিনি বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
এই সফরে বাংলাদেশের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করবেন রাবিত। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছেন তারা।
বর্তমানে রাবি শাখা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাফায়েতুল আহম্মেদ রাবিত। এর আগে ২০২৫ সালের রাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনি।
শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রাবিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় সেরা ১০-এ স্থান অর্জন করেন তিনি। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ প্রশংসিত হয়।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








