নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, শুক্রবার ছাত্রলীগের আরও ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৭ জুন) নোয়াখালীর পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে, যা নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

প্রাইমটিভি/এমএইচ