নদীর চরে জেলের রহস্যজনক মৃত্যু

জেলের রহস্যজনক মৃত্যু । সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চরে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন ২০২৬) বেলা এগারোটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী সংলগ্ন একটি ইটভাটা এলাকার চরে। নিহত ব্যক্তির নাম ভদ্দর শিকদার (৪০)। তিনি ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভদ্দর শিকদার পেশায় জেলে ছিলেন। তিনি পারিবারিকভাবে আলাদা থাকতেন এবং একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে জীবিকার কারণে তিনি অধিকাংশ সময় নদীর চরে মাছ ধরার কাজে থাকতেন। ঘটনার দিন সকালে স্থানীয়রা চরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মরদেহটি পচন ধরা অবস্থায় ছিল এবং শরীরের চামড়া খসে পড়েছিল, পাশাপাশি দেহ ফুলে ফেঁপে উঠেছিল। এতে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌ পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, তাদের ধারণা ভদ্দর শিকদার অন্তত তিন দিন আগে মারা গেছেন। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাত বজ্রপাতজনিত হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি









