শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় দীপু মনিসহ ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

ছবি- সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে তাদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল।
তবে প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনো চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাওয়া হতে পারে।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় সংঘটিত সহিংসতার ফলে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার প্রাথমিক তথ্যমতে, ওই ঘটনায় ঢাকাসহ চার জেলায় মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন রয়েছেন।
এর আগে প্রসিকিউশন পক্ষ বিভিন্ন সময়ে দাবি করে এসেছে যে, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং মামলাটির বিচারিক কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে চলছে।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ এবং প্রসিকিউশনের আবেদনের বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








