যোগ্যতাহীনদের হাতেও সাংবাদিকতার কার্ড- জয়নুল আবদিন ফারুক

ছবি- সংগৃহীত
দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনিয়ন্ত্রিতভাবে সাংবাদিক পরিচয়পত্র (কার্ড) বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমানে দেশের প্রায় সব উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেউ রিপোর্টার নন, এমনকি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই।
তিনি বলেন, “ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করা হচ্ছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, তাদের যোগ্যতা কী এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।”
সংসদ সদস্য আরও বলেন, বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর নীতিমালা প্রণয়ন বা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। অন্যথায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশও বাধাগ্রস্ত হতে পারে।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার বর্তমানে মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) মোকাবিলায় কাজ করছে।
তিনি বলেন, “যারা নিবন্ধিত সাংবাদিক নন, মূলত তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়াচ্ছেন।”
প্রতিমন্ত্রী জানান, এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে ইতোমধ্যে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা যাচাই করছে।
তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, শিগগিরই মনিটরিং টিমের কার্যপরিধি ও বিস্তারিত কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








