দেশের গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে সরকারের পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় প্রশ্নও তুলেছেন তিনি।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে এসব বিষয় তুলে ধরেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আমরা লোডশেডিং বলি বা মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাট বলি, বাস্তবতা হলো গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।”

রুমিন ফারহানা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন যে, গত ১ মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সেখানে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি।

তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বর্তমানে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।

মন্ত্রী বলেন, “উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটি সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখার স্বার্থে আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও জানান, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ড্রিলিং কার্যক্রম শুরু করেছে।

মন্ত্রী বলেন, “আমরা আশা করছি নতুন গ্যাসের সন্ধান পাওয়া যাবে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো শিল্পকারখানাগুলোতেও সরবরাহ দেওয়া সম্ভব হবে।”

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন।

স্পিকার বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।”

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এবং বাস্তবতা যাচাই করেই সংসদে প্রতিশ্রুতি দেওয়া উচিত।

প্রাইমটিভি/কেআর