পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীদের একাংশ।

শনিবার (৬ জুন) রাতে ছাইকোলা বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাইকোলা বাজারে টোল আদায় ও স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বাজার মোড়ে দুই দফা উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রাতে আতিকুর রহমান আতিকের নেতৃত্বে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। এ সময় হারুন অর রশিদ ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। পথসভায় বক্তব্য দেন সাগর হোসেন, আলামিন হোসেন ও আতিকুর রহমান আতিক।

স্বেচ্ছাসেবকদল নেতা আতিকুর রহমান আতিক অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে হারুন অর রশিদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। রাকিবুলসহ তাঁর সহযোগীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। অন্য একটি বিরোধকে আড়াল করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

একইভাবে অভিযোগ নাকচ করে হারুন অর রশিদ বলেন, রাজনৈতিক বিরোধ ও সাম্প্রতিক একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বিএনপির নাম ব্যবহার করলেও অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি।

চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাইমটিভি/এনজি