আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাবটি উত্থাপন করেন।

এ সময় স্পিকার মৃত্যুবরণকারী সাবেক সংসদ সদস্যদের নাম সংসদে পাঠ করে শোনান এবং তাদের অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। পরে সংসদ সদস্যরা প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানান।

শোক প্রস্তাবে যাদের স্মরণ করা হয়েছে তারা হলেন— ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

এছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

শোক প্রস্তাবের মাধ্যমে জাতীয় জীবনে তাদের অবদান স্মরণ করে সংসদ গভীর শ্রদ্ধা নিবেদন করে।

প্রাইমটিভি/কেআর