ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪৫

ছাত্রলীগের মিছিল । সংগৃহীত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করেছে।
রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে কয়েকশ নেতা-কর্মী মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে মিছিলকারীদের ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করা হয়। অভিযানে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকেও পুলিশের সঙ্গে দেখা গেছে।
ঘটনার সময় মহাসড়ক থেকে তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের এসব যানবাহনে করে মিছিলস্থলে আনা হয়েছিল।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও দলীয় সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








