হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

ছবি- সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে শনিবার (৭ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। রোববার (৮ জুন) আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি নয়টি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর ফলে চলতি বছরের মোট হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনেক হাজি। তারা হজ পালনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি আরব সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন তারা।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিরা এ ব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আগ্রহীদের সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।
এদিকে, মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে শনিবার পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি।
চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন হাজি।
হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








