পাবনাকে আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়তে বাস্তবসম্মত পরিকল্পনার আহ্বান

পাবনাকে আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়ার পরিকল্পনা । প্রাইম টিভি
বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পাবনাকে আধুনিক ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে, জলাবদ্ধতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের কারণে জেলা শহরটির বাসযোগ্যতা দিন দিন কমে যাচ্ছে।
রোববার (৭ জুন) পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের আয়োজনে সমন্বিত জলবায়ু কার্যক্রম বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব মতামত উঠে আসে।
বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নদীর সঙ্গে সমন্বিত না হওয়ায় এ সমস্যা দীর্ঘস্থায়ী হয়েছে। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব উপকরণ সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে ইটভাটা, চালকল ও যানবাহনের কালো ধোঁয়ার কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। একই সঙ্গে জেলা শহরে পর্যাপ্ত ও মানসম্মত পাবলিক টয়লেটের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ, পাখি ও কচ্ছপসহ বিভিন্ন প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, অবৈধ ইটভাটা, বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা এবং রাজনৈতিক পোস্টারের দৌরাত্ম্যে শহরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সামাজিক সংগঠন মশালের প্রধান সমন্বয়ক ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে এবং গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ড. হাফিজ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. আরিফুল ইসলাম।
এ সময় পরিবেশ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. ইউসুফ আলী, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সেন, সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার হাফিজ আহমেদ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








